নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকায় নিয়ে জোর করে দেহব্যবসায় নামিয়েছে আপন ফুফা-ফুফু। রাজধানীর শনিরআখড়ার একটি বাসায় তাকে অন্তত ৫ মাস আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে এই ব্যবসা করানো হয়েছে। বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন এলাকার বাসিন্দা ওই তরুণী সম্প্রতি কৌশলে পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এবং সোমবার গভীর রাতে তিনি ফুফু-ফুফাসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা পুলিশে একটি অভিযোগ করেছেন।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা গ্রহণের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করে বলেন, ওই তরুণীর অভিযোগ রাতেই আমলে নিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্তরা হলো- বাদীর ফুফু নুপুর বেগম, ফুফা নজরুল ইসলাম এবং বন্দর থানাধীন নরকাঠী এলাকার সোহেল খান।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৪ মাস আগে তার বিয়ে হলে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিয়ের দুই মাস পর বাবার বাড়ি বরিশাল বন্দর থানাধীন নরকাঠী এলাকায় ফিরে আসেন। বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ফুফু নুপুর বেগম ওই তরুণীকে রাজধানী ঢাকায় চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। নিজের আর্থিক উন্নতির কথা চিন্তা করে ফুফুর কথায় রাজি হয়ে ৯ মাস আগে বাবা-মাকে না জানিয়ে ঢাকায় যান ওই তরুণী। এ সময় ফুফা নজরুল ইসলাম ও সোহেল খানের সহায়তায় তাকে ঢাকার শনিরআখড়ার ফুফুর বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর তিনি দেখতে পান ওই বাসায় অবৈধ দেহব্যবসা চলছে।
কিছুদিন পর ফুফুকে চাকরির কথা জিজ্ঞাসা করলে তাকে (তরুণী) দিয়ে দেহব্যবসা করতে হবে বলে জানিয়ে দেয়। তাদের কথায় রাজি না হওয়ায় ওই তরুণীকে মারধর করে একটি রুমে আটকে রাখে। এবং দেহব্যবসায় রাজি না হলে তাকে খুন করার হুমকি দিতে থাকে। কোনো উপায়ন্ত না পেয়ে ওই তরুণী দেহব্যবসায় লিপ্ত হয়। এবং তাকে দীর্ঘ ৫ মাস অবৈধ দেহব্যবসা করতে হয়।
তরুণীর এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই মাস আগে ওই তরুণী ফুফুর বাসার গৃহকর্মীর সহায়তায় পালিয়ে গ্রামের বাড়ি বরিশালে ফিরে আসেন।’
The post চাকরির প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে দেহব্যবসা, ফুফা-ফুফুর বিরুদ্ধে মামলা first appeared on Barishal Times | বরিশালটাইমস.
from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3hra17N
