Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শিক্ষিকার জিডি

বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬

/ by DNN24LIVE


ঝালকাঠি: ঝালকাঠিতে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে গৌতম পাটিকর (৪৫) ও শিপ্রা রানী দাস (৪০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোসাঃ কামরুন নেহার নামে এক শিক্ষক।

বুধবার (১ অক্টোবর) ঝালকাঠি থানায় তিনি জিডিটি করেন। জিডি নম্বর—১৩৪৭।

মোসাঃ কামরুন নেহার ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা এবং কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনশী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জিডিতে কামরুন নেহার অভিযোগ করেন, গৌতম পাটিকর ও শিপ্রা রানী দাসের কাছে প্রায়ই অপরিচিত লোকজনের যাতায়াত রয়েছে। তাদের বাড়ির পাশে তার বাসা হওয়ায় প্রায়ই বাড়ির সামনে হট্টগোল ও ঝামেলা হয় বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠতেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

নিরাপত্তার জন্য নিজের বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন বলে জানান ওই শিক্ষক। তবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিয়ে তাকে সন্দেহ করা হয় যে, তিনি পুলিশের কাছে তাদের বিষয়ে তথ্য দিচ্ছেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত ১০টা ১৮ মিনিটের দিকে গৌতম পাটিকর তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কামরুন নেহারের মোবাইল নম্বরে ফোন করেন। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, তাকে ও তার ছেলেকে দেখে নেওয়া, বাড়িছাড়া করার পাশাপাশি পুলিশকে মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার কারণে তিনি কীভাবে বাড়িতে থাকেন, তা দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া ‘রেডি হয়ে থাকেন, আপনার সময় হয়ে গেছে’ এবং বরিশালে থাকলেও ঝালকাঠিতে তার লোকজন রয়েছে—এমন কথাও বলা হয়েছে বলে জিডিতে দাবি করেন ওই শিক্ষক।

এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করেন কামরুন নেহার।

এদিকে, অভিযোগের বিষয়ে গৌতম পাটিকরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam